স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে টটেনহ্যামের মাঠে মাত্র সাত মিনিটের ঝড়ে ৩-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে জয়ের ধারায় ফিরেছে লিভারপুল। স্টোকসিটিকে ৪-১ গোলে পরাজিত করেছে অল রেড শিবির। ম্যানইউকে হারিয়ে এখনও শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রেখেছে টটেনহ্যাম হটস্পার। ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে লেস্টার সিটি। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। ৩১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে লিভারপুল। ৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ম্যানইউর অবস্থান পঞ্চম।
হোয়াইট হার্ট লেনে ছন্দহীন প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় কেটে যায় একইভাবে। এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টটেনহ্যাম। সাত মিনিটের ব্যবধানে তিন গোল পায় তারা।
৭০ মিনিটে আসে প্রথম গোল। বাঁ-দিক থেকে এরিকসনের বাড়ানো বলে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার আলি।৭৪ মিনিটে লামেলার বাঁকানো ফ্রি-কিকে হেড করে ব্যবধান বাড়ান বেলজিয়ামের ডিফেন্ডার টবি আল্ডারভাইরেল্ড। দুই মিনিট পর ডিফেন্ডার ড্যানি রোজের আড়াআড়ি পাসে নিখুঁত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করেন আর্জেন্টিনার স্ট্রাইকার লামেলা (৩-০)।
অন্যদিকে স্টোক সিটির বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের আট মিনিটেই লিভারপুলকে লিড এনে দেন আলবের্তো মোরেনো। অবশ্য ২১ মিনিটে ম্যাচে সমতা আনে স্টোকসিটি। জারদান শাকিরির ফ্রি-কিকে শেষমুহূর্তে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড বোজান কিরকিচ (১-১)।
৩২ মিনিটে আবারও এগিয়ে যায় লিভারপুল। প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেলতে নামা নাইজেরিয়ার বংশোদ্ভূত শেই ওজোর আড়াআড়ি ক্রসে কাছ থেকে হেডে লক্ষ্যভেদ করেন ড্যানিয়েল স্টারিজ। দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে নামা দিভোক ওরিগির জোড়া গোলে বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের (৪-১)।

