বিনোদন ডেস্ক : আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যখন একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবরে পড়ছে, তখন পাশের দেশ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে অহরহই ব্লকবাস্টার হওয়ার খবর শোনা যাচ্ছে। ব্লকবাস্টার হওয়ার এই চলমান প্রক্রিয়ায় এবার যুক্ত হল আরো একটি ছবি! অর্জুন কাপুর ও কারিনা কাপুর অভিনীত ‘কি এন্ড কা’ ছবিটি মুক্তি পেয়েছে গত সপ্তাহে। আর মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি তার নির্মাণ খরচ উঠিয়ে সুপার হিটের পথে চলছে চরম দাপটে!
চলতি মাসের ১ তারিখে বলিউডের প্রায় ১৬০০ থেকে ১৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আর বাল্কির সিনেমা ‘কি এন্ড কা’। অন্যদিকে বিশ্ব ভারতের বাইরের দেশে অন্তত ৫০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি শুধু ভারতেই আয় করেছে ৩৭.৫৭ কোটি রুপি!
সর্বমোট ৩৫ কোটি রুপি খরচে নির্মিত ‘কি এন্ড কা’ ছবিতে প্রোডাকশন খরচ ২৫ কোটি রুপি হলেও প্রিন্ট এবং প্রমোশনে প্রায় দশ কোটি রুপি খরচ হয়। সব মিলিয়ে ৩৫ কোটি রুপি খরচ হলেও মুক্তির প্রথম সপ্তাহে নির্মাণ ব্যয় উঠিয়ে নেয়ায় ছবিটি ‘সুপার হিট’ হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছে বলে মনে করেন ট্রেড অ্যানালিস্ট তারান আদর্শ। এছাড়া চলতি বছরে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে শুধুমাত্র প্রথম সপ্তাহে বেশি আয় করা সিনেমা হিসেবে ‘কি এন্ড কা’ জায়গা করে নিয়েছে তৃতীয় স্থান।
চলতি বছরে প্রথম সপ্তাহে বেশি আয় করা সেরা পাঁচ সিনেমা:
এয়ারলিফট- ৮৫.৫ কোটি রুপি
কাপুর এন্ড সন্স- ৪৬.৯৩ কোটি রুপি
কি এন্ড কা- ৩৭.৫৭ কোটি রুপি
নীরজা- ৩৫.৩২ কোটি রুপি
ঘায়েল ওয়ান্স এগেইন- ৩৪.২৫ কোটি রুপি
প্রসঙ্গত, ছবিতে কারিনা কাপুর একজন কর্পোরেট অফিসার, উচ্চাকাঙ্ক্ষি এক নারী। সকাল বেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে স্যুট টাই পরে গাড়ি করে অফিসে যান তিনি। আর অন্যদিকে হোমমেকার অর্জুন কাপুর। কারিনার জন্য সকাল বেলা তাকে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করতে হয়। রাতের বেলা খাবার নিয়ে অপেক্ষায় থাকতে হয় অফিস থেকে স্ত্রী কখোন ফিরবেন সেজন্য! এমন স্যাটায়ারধর্মী গল্পে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করলেন অর্জুন কাপুর ও কারিনা কাপুর। যদিও সম্পর্কে ভাই-বোন হওয়ার ফলে এমন চরিত্রে প্রথমে অভিনয় করতে রাজি ছিলেন না কারিনা কাপুর!

