স্পোর্টস ডেস্ক : চেন্নাই সুপার কিংসে যেন ঘাঁটি গেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছে চেন্নাই। তাই দলবদলের হাওয়া গায়ে লেগেছে ভারতীয় অধিনায়কের। নবাগত দল রাইজিং পুনে সুপারজায়ান্টস দলে ভিড়িয়েছে তাকে। টিম ইন্ডিয়ার দলনেতার কাঁধে নেতৃত্বের ভার অর্পণ করেছে তারা।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে রাইজিং পুনের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। শুরুতেই রোহিত শর্মার দলকে চমকে দেবে ধোনির পুনে? মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি ইএসপিএন।
আইপিএলের সূচনাটা ভালো করার জন্য মুখিয়ে রয়েছেন পুনের কোচ স্টিফেন ফ্লেমিং। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কোনো টুর্নামেন্টের শুরু করাটা নতুন ফ্রাঞ্জাইজির জন্য বড় চ্যালেঞ্জের। মানিয়ে নিতে খানিকটা সময় লাগে। আমাদের দলে বেশ কিছু তারকা রয়েছে। আমরা তাদের দিকে তাকিয়ে আছি। দলের ভারসাম্য বেশ ভালো। শুরুটা ভালো করতে চাই। সন্দেহ ছাড়াই বলতে পারি, আমরা লিগে লড়াই করতে পারব।’
অপর দিকে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের শুভসূচনার অপেক্ষা রয়েছেন দলীয় কোচ রিকি পন্টিং। তারুণ্যে ভরসা রাখছেন তিনি, ‘কোচ হিসেবে আমি ভারতের তরুণদের ওপর আস্থা রাখছি। সঙ্গে অভিজ্ঞ খেলোয়াড়রা তো আছেই। সব মিলে মুম্বাইয়ের দলীয় কম্বিনেশনটা দারুণ হয়েছে।’

