স্পোর্টস ডেস্ক : ষষ্ঠ টি২০ বিশ্বকাপে শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ওই টুর্নামেন্টে নিজ দেশের হয়ে খেলতে পারেননি সুনীল নারিন। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ছিলেন নিষিদ্ধ। আপাতত সেই ঝামেলা দূর হয়েছে তার। বোলিংয়ে ছাড়পত্র পেয়ে গেছেন ক্যারিবীয় স্পিনার। আইপিএলের নবম আসরে তার খেলতে আর বাধা নেই।
তবে অনেকের ভয় হচ্ছে, আগের নারিনকে হয়তো পাওয়া যাবে না। কিন্তু তাকে নিয়ে কোনো ভয় নেই সাকিব আল হাসানের। বিশ্বসেরা এই অলরাউন্ডার মনে করেন, নারিন এখনো কেকেআরের সেরা বোলার।
ভারতীয় গণমাধ্যমকে সাকিব বলেন, ‘আমি নারিনের মতো মানসম্পন্ন বোলার নিয়ে কখনো চিন্তা করি না। সবাই জানে, সে বিশ্বের অন্যতম সেরা বোলার। ব্যাটসম্যানরা তাকে যথেষ্ট সমীহ করে। আমি এখনো মনে করি যে নারিন আমাদের দলের সেরা বোলার। অবশ্যই আমাদের দায়িত্বটা আমরা পালন করব। কেকেআরে নারিনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’
আইপিএলের আগে বোলিংয়ে নারিনের ছাড়পত্রকে আশীর্বাদ হিসেবেই দেখছেন সাকিব। বাংলাদেশের সেরা ক্রিকেটার বলেন, ‘এটা শুধু আমার জন্য নয়, গোটা দলের জন্যই সুসংবাদ। কেকেআরের সাফল্যে তার অবদান অনস্বীকার্য। সুতরাং তার দলে ফেরা আমাদের জন্য ইতিবাচক।’

