আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান সোমবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে এক হাত নিয়েছেন। তিনি তাদের লক্ষ্য করে বলেছেন, পশ্চিমাদের কাছ থেকে তার ‘গণতন্ত্রের ছবক’ নেয়ার প্রয়োজন নেই।
সোমবার রাজধানী আঙ্কারায় রেড ক্রিসেন্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেওয়ার সময় তুর্কি প্রেসিডেন্ট পশ্চিমা মোড়লদের উদ্দেশ্য করে বলেন,‘যারা আমাদের গণতন্ত্র আর মানবাধিকারের ছবক দিতে চান, তাদের নিজেদের চেহারাটা একবার আয়নায় দেখে নেয়া উচিত।
সম্প্রতি তুরস্কের সংবাদ মাধ্যমের মত প্রকাশের স্বাধীনতার ওপর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার করা এক মন্তব্যের জবাবে এসব কথা বলেছেন এরদোয়ান। সেখানকার এক দৈনিক পত্রিকার দুই সাংবাদিককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রেক্ষিতে ওই মন্তব্যটি করেছিলেন ওবামা। মাত্র গত সপ্তাহেই ওয়াশিংটনে ওবামার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। যদিও তখন দেশটির গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কোনো কথা বলেননি মার্কিন প্রেসিডেন্ট। ওই সফরে বিভিন্ন অনুষ্ঠানে তুর্কি সংবাদ মাধ্যমগুলোকে সম্পূর্ণ স্বাধীন বলে দাবি করেছিলেন এরদোয়ান।
সোমবার প্রেসিডেন্ট এরদোয়ান তার দেশের সংবাদ মাধ্যমগুলোর সমালোচনা করে বলেছেন, কোনো কোনো পত্রিকা তাকে ‘চোর’ ও ‘খুনী’ হিসেবে আখ্যায়িত করেছে। পশ্চিমা দেশগুলোর সরকার প্রধানরা এ জাতীয় হুমকি ও অপমান কখনোই বরদাস্ত করতেন না। এইসব প্রকাশনাকে তিনি সাংবাদপত্রের স্বাধীনতার অপব্যবহার বলেও উল্লেখ করেছেন।
সম্প্রতি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গোলা মের্কেলের সঙ্গে টেলিফোনা কথা বলার সময় সে দেশের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছিলেন এরদোয়ান। তখন তিনি অভিযোগ করে বলেছিলেন, জার্মান পত্রপত্রিকাগুলো তাকে নিয়ে নানা ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করছে।

