বিশেষ প্রতিবেদক : আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে রাজস্ব আদায় বাড়াতে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) মেশিন বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাকবাজেট আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘যেকোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো পণ্য বা সেবা বিক্রি করলে তার বিপরীতে ভ্যাট আদায় নিশ্চিত করার মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানো হবে।’
তিনি আরো বলেন, ‘ফিন্যানশিয়াল রিপোর্টিং আইন হয়েছে। সে আইন বাস্তবায়নের জন্য খুব শিগগিরই কমিশন গঠিত হবে। এ কমিশন গঠিত হলে আর্থিক খাতে যে অস্বচ্ছতা বিদ্যমান, তা অনেকাংশে কমে যাবে। এর ফলে কোনো কোম্পানি মিথ্যা রিপোর্টিংয়ের মাধ্যমে তাদের কোম্পানিকে বড় করে দেখিয়ে প্রতারণা করতে পারবে না।’
ব্যাংক কমিশন গঠনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আপাতত ব্যাংক কমিশন গঠন করা হচ্ছে না। বিভিন্ন ব্যাংকের দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর প্রতিবেদন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এ সময় অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, ইআরডি সচিব মেজবাহ উদ্দিন এবং ইআরএফের সভাপতি সাইফুদ্দিন দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইআরএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

