নিউজ ডেস্ক : বাংলাদেশ রেলওয়ের জন্য ১৫টি নতুন বগি আসছে ইন্দোনেশিয়া থেকে। বৃহস্পতিবার এসব বগির শিপমেন্ট সম্পন্ন হয়েছে। কবে নাগাদ এগুলো বাংলাদেশে এসে পৌঁছবে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। শনিবার ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট এ তথ্য জানিয়েছে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় ট্রেন নির্মানকারী প্রতিষ্ঠান পিটি ইন্ড্রাস্টি কেরেতা আপিতে (ইনকা) সাত কোটি ৩০ লাখ ডলারের বিনিময়ে ১৫০টি বগি নির্মাণের আদেশ দেওয়া হয়েছিল। শিপমেন্ট করা বগিগুলো তার প্রথম দফার চালান। এগুলো সবকটিই শোভন শ্রেণির। আগামী আগস্টের মধ্যে ইন্দোনেশিয়াকে ১৫০টি বগি বাংলাদেশ রেলওয়েকে সরবরাহ করতে হবে।
ট্রেনের বগি সরবরাহের এই কার্যাদেশ পেতে ইন্দোনেশিয়ার কোম্পানিটিকে নিলামে চীনের নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে লড়তে হয়েছে। প্রতিষ্ঠানটি এ জন্য ব্যাংক এক্সিম থেকে ২ কোটি ২৮ লাখ ডলার ঋণ পেয়েছিল। অভ্যন্তরীন উৎপাদিত পণ্য রফতানিতে উৎসাহ দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে এ ঋণ মঞ্জুর করা হয়েছিল।

