বিনোদন ডেস্ক : বলিউড মাতিয়ে বেড়ালেও মনে প্রাণে আদ্যপান্ত বাঙ্গালি নারী বিপাশা বসু। কারণ তার মূল বাংলাতেই প্রোথিত। আর তাই বাঙ্গালি আচার মেনে বাঙ্গালি রীতিতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসু ও করন সিং গ্রোভার। পুরো বাঙ্গালি আচার অনুষ্ঠান মেনে যেভাবে সাধারণের বিয়ে হয়, ঠিক তারাও সেভাবেই বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানা গেছে।
ভারতীয় শীর্ষস্থানীয় একটি ওয়েব পোর্টাল জানিয়েছে, বাঙ্গালি রীতি মেনে আসছে ২৯ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেতা করন সিং গ্রোভার এবং বাঙ্গালি মেয়ে বিপাশা বসু। করন সিং বাঙ্গালি না হলেও এদিন পুরোদস্তুর বাঙ্গালি বরের সাজে দেখা যাবে তাকে। এরআগে বাংলার আর দশটা পাঁচটা বিয়ের মতই আগের দিন মেহেদী উৎসব অনুষ্ঠিত হবে।
বিয়ের অনুষ্ঠানটি মহা ধুমধামে না হলেও আয়োজনের কিন্তু মোটেও কমতি নেই। এদিন বিয়েতে উপস্থিত থাকবেন দুই পক্ষের পরিবার পরিজনসহ তাদের কাছের বন্ধু বান্ধব। এছাড়া বলিউড থেকে বিপাশার কাছের বন্ধুদের মধ্যে উপস্থিত থাকবেন শিল্পা শেঠি, রাজ কুন্ড্র এবং আর মাধবান। পরবর্তীতে মুম্বাইয়ে বিবাহ পরবর্তী রিসেপশনে অংশ নিবেন বলিউডের তারকা অভিনেতা অভিনেত্রীরা।
অন্যদিকে ক’দিন আগেই বাঙ্গালি ললনা বিপাশা বসুকে নিজের পুত্রবধু হিসেবে কখনোই গ্রহণ করবেন না বলে সরাসরি ঘোষণা দিয়েছিলেন করন সিংয়ের মা! আগের স্ত্রী জেনিফারকে তালাক দিয়ে যখন বিপাশাকে বিয়ে করতে উদ্ধত হয়েছিল করন সিং, ঠিক তখনই বিপাশা-করনের বিয়েতে প্রধান বাধা হয়ে দাঁড়ান করনের মা। তিনি জানিয়েছিলেন, কোনো অবস্থাতেই ‘রাজ’ খ্যাত তারকা অভিনেত্রী বিপাশাকে নিজের ছেলের বউ হিসেবে মানতে পারবেন না। করনের মায়ের চোখে বিপাশার চরিত্র খুব একটা সুবিধাজনকও লাগেনি। কারণ এর আগেও বিপাশার সম্পর্ক ছিল ডিনো মুরে, জন আব্রাহাসম এবং হারমান বাজের সঙ্গে। আর এইসব কারণেই ছেলের পুত্রবধু হিসেবে বিপাশাকে দেখতে চান না করনের মা। তবে মায়ের এমন রুদ্রমূর্তিকে গলিয়ে মোম বানিয়েছেন করন নিজেই। যারফলে তাদের বিয়ে নিয়ে আর কোনো জটিলতা আপাতত থাকছে না। এখন দেখার বিষয়, সত্যিই এপ্রিলে বিপাশা-করন বিয়ের পিঁড়িতে বসেন কিনা?
উল্লেখ্য, ২০১২ সালের এপ্রিলে জেনিফার উইঙ্গেটকে বিয়ে করেছিলেন করন সিং গ্রোভার। করনের এটি দ্বিতীয় বিয়ে হলেও জেনিফারের ছিল এটি প্রথম বিয়ে। শেষ পর্যন্ত তাকেও ডিভোর্স দিয়ে এবারের তৃতীয় স্ত্রীর অপেক্ষায় করন সিং। যদিও বিপাশার এটাই প্রথম বিয়ে!

