বিনোদন ডেস্ক : পৃথিবীর সিনেমা অঙ্গনে যে ক’জন প্রভাবশালী আর গুণী চলচ্চিত্র নির্মাতা আছেন তাদের মধ্যে সন্দেহাতীতভাবে প্রভাবশালী সিনেমা নির্মাতা ইরানের অন্যতম মেধাবী ও খ্যাতিমান পরিচালক আব্বাস কিয়ারোস্তামি। যাকে বিশ্ব সিনেমা অঙ্গনে ইরানি সিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনে করা হয়। অথচ শেষ বয়সে এসে মরণব্যাধী ক্যানসারের বিরুদ্ধে লড়তে হচ্ছে বিশ্বখ্যাত এই নির্মাতাকে।
৭৫ বছর বয়সী বিশ্বখ্যাত নির্মাতার শরীরে বেশ হঠাৎই বাসা বেঁধেছে ক্যান্সার। সম্প্রতি হয়েছে অস্ত্রপচারও। পরিবার থেকে তার অস্ত্রপচার বিষয়ে গণমাধ্যমে কিছু না বললেও ডাক্তার এই মেধাবী নির্মাতার সফল অস্ত্রপচারের খবর জানিয়েছেন। বর্তমানে ইরানের একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি।
ক্লোজ আপ, টেস্ট অব চেরি এবং শিরিন নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির অস্ত্রপচার সফল হয়েছে জানিয়ে ইরান জাতীয় টেলিভিশনকে দেয়া এক বক্তব্যে ডাক্তার বলেন, অস্ত্রপচারের পর সামান্য সমস্যা দেখা দিলেও এটাকে রিস্ক মনে করছেন না তারা। বরং তার শরীরে সদ্য অস্ত্রপচারকে সফলই বলছেন তারা।
অন্যদিকে ইরানের রেডিও জামানেহ জানিয়েছে, সফল অস্ত্রপচারের পর ২৭ মার্চ হাসপাতাল থেকে ঘরে নিয়ে আসা হয়েছে কিয়ারোস্তামিকে। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
১৯৯৭ সালে কান চলচ্চিত্র উৎসবে পাম ডি’ওর জিতে নেয় তার অসামান্য চলচ্চিত্র ‘টেস্ট অব চেরি’। আর এরপরই বিশ্ব সিনেমা অঙ্গনে আলোড়িত হয় ইরানি সিনেমা। বিশ্ববিখ্যাত ইরানী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক এবং এই আলোকচিত্রশিল্পী ১৯৭০ সাল থেকে নিয়মিত স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য এবং পূর্ণদৈর্ঘ্য সব ধরণের চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছেন। টেস্ট অফ চেরি, টেন, সার্টিফাইড কপি, দ্য উইন্ড উইল ক্যারি আস এর মত সিনেমার জন্য আন্তর্জাতিক সুখ্যাতি অর্জন করেছে।

