বিনোদন প্রতিবেদক : তার হাসিতে নাকি মুক্ত ঝরে, একারণেই ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘বেস্ট স্মাইল’ পদবি জয় করেছিলেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। র্যাম্পের মেয়ে হলেও, অভিনয়ের প্রতি টানটা ছিলো শুরু থেকেই। ফলে এক সময় নাটকে অভিনয় শুরু করেন। কিন্তু আইরিনের স্বপ্ন ছিলো আরও বড়। সময়ের পরিক্রমায় হাতের মুঠোয় ধরা দেয় সেই স্বপ্ন। দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিতে আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় হাজির হন। পর্যায়ক্রমে আলভী আহমেদের ‘ইউটার্ন’ ও সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিগুলো মুক্তি পায়। কিন্তু ছবিগুলো আইরিনকে যতটুকু আলোচনায় এনেছে, ততটুকু ব্যবসা সফল হতে পারেনি। তাতে কী! আইরিন আছেন, তার মতোই। একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছেন। এ প্রসঙ্গে তার বক্তব্য হলো, ‘আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। ভালো মন্দ বিচারের দায়িত্ব দর্শকের। তাই আপাতত কাজ করে যেতে চাই।’
আইরিনের কথা ও কাজে যথেষ্ট মিল খুঁজে পাওয়া গেল। তার হাতে এই মুহূর্তে দুটি ছবির কাজ রয়েছে। প্রবাসী নির্মাতা জসিম উদ্দিনের ‘আমেরিকান ড্রিম’। আরেকটি আকাশ আচার্যের পরিচালনায় ‘মায়াবিনী’। দুটি ছবিতেই তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সাইমন।
আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে আসা। এখন পরপর দুটি ছবিতে সাইমনের সঙ্গে কাজ। আগামীতে নিশ্চয়ই ঢাকাই ছবির বাকি শীর্ষ নায়কদের সঙ্গে আইরিনের দেখা মিলবে? ‘আসলে সবকিছু নির্ভর করে প্রযোজক ও পরিচালকের উপর। উনারা আমাকে যার বিপরীতে অভিনয়ের জন্য নির্বাচন করবেন, আমি তার সঙ্গেই কাজ করব। এক্ষেত্রে আমার কোন দূর্বলতা নেই’-বললেন আইরিন।
আইরিন আরও জানান, তিনি বর্তমানে ‘আমেরিকান ড্রিম’ ছবির শুটিংয়ের জন্য গাজীপুরে অবস্থান করছেন। এখানে গ্রামীণ লোকেশনে ছবির চিত্রধারণের কাজ চলছে। র্যাম্পের মেয়ে গ্রামীণ গল্পের ছবিতে? প্রশ্ন করতেই এক গাল হেসে বলেন, ‘হ্যাঁ, এ ছবিতে আমি মেঘলা নামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করছি। যে গ্রামের মেয়ে। তবে এবারই প্রথম নয়, নাটকেও আমি গ্রামীণ চরিত্রে অভিনয় করেছি।’
তো, র্যাম্পের ঝলমলে আলো ছেড়ে গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে কোন প্রতিবন্ধকতার মুখোমুখী হচ্ছেন কী? আইরিনের স্বভাব সুলভ উত্তর, ‘আসলে কাজের মাধ্যমে প্রতিবন্ধকতাকে জয় করতে হয়। আমি সেটাই করছি।’
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘ছবির একটি দৃশ্যে আমাকে টিউবওয়েল চেপে পানি বের করতে দেখা যাবে। এটা ছিলো আমার জন্য বিশেষ অভিজ্ঞতা। এর আগে কখনও এমনটি করতে হয়নি। মজার বিষয় হলো টিউবওয়েলটি ছিলো নষ্ট, তাতে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পানি দেয়া হয়। বিষয়টি তখন আমার কাছে সহজ হয়ে যায়।’
‘মায়াবিনী’ নামের যে ছবিতে আইরিন অভিনয় করছেন, তার কাজও প্রায় শেষ পর্যায়ে। দুটি দৃশ্য ও কয়েকটি গানের চিত্রধারণ বাকি রয়েছে। শিগগিরই এর বাকি কাজ শেষ হবে।
নিজের ক্যারিয়ার প্রসঙ্গে বলতে গিয়ে এই র্যাম্প কন্যা বলেন, ‘গল্প নির্ভর ছবি হলে, দর্শক প্রেক্ষাগৃহে ছবি দেখতে আসবে। আমার সাম্প্রতিক কাজগুলো তারই প্রমাণ। তাই আমি বেশ আশাবাদী।’
এদিকে আইরিন অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তির প্রহর গুনছে। এর মধ্যে রয়েছে এস এ হক অলিকের পরিচালনায় ‘এক পৃথিবী প্রেম’, সাইফ চন্দনের ‘টার্গেট’ ও গাজীউর রহমানের ‘এই তুমি সেই তুমি’। এসবের বাইরে সুস্ময় সুমনের ‘তাকে হেব্বি লাগছে’ নামে
একটি ছবির কাজ শুরু করেছিলেন আইরিন। এ ছবিতে তার বিপরীতে আছেন নবাগত নায়ক মেহমুদ। এ ছবিরও কাজ শেষ পর্যায়ে রয়েছে।

