বিনোদন প্রতিবেদক : আসন্ন পহেলা বৈশাখে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘নিয়তি’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু ছবির আবহ সংগীতের কাজ এখনও বাকি। তাছাড়া প্রেক্ষাগৃহ মালিকদের আগ্রহের কারণে আগামী ৮ এপ্রিল ‘নিয়তি’র বদলে মুক্তি পাচ্ছে ‘অনেক দামে কেনা’। বলে রাখা ভালো, জাজ মাল্টিমিডিয়ার ব্যানার থেকে মাহির করা শেষ ছবি এটি।
শুরু থেকেই বলা হচ্ছিলো আরিফিন শুভ- জোলি জুটি অভিনীত ‘নিয়তি’ চলচ্চিত্রটি পহেলা বৈশাখে মুক্তি দেয়া হবে। তবে শেষ পর্যন্ত সেই জায়গায় মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়া’র আরেক ছবি ‘অনেক দামে কেনা’। কারণ এখনও ‘নিয়তি’র আবহ সঙ্গীতের কাজ শেষ করতে পারেননি ইমন সাহা। আরও ১৫ – ২০ দিন সময় লাগবে তার।
এদিকে ‘নিয়তি’র মতো ‘অনেক দামে কেনা’ও পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় দেখা যাবে ডিপজলকে। ছবিতে মাহির বিপরীতে দেখা যাবে বাপ্পীকে।
‘অনেক দামে কেনা’র গল্পে দেখা যাবে, ডিপজল একজন ভালো মানুষ। একাকিত্বের জ্বালায় রাতে মদ খেয়ে শহরে ঘুরে বেড়ান আর দুস্থ মানুষকে সেবা করেন। বাপ্পী তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। একসময় বাপ্পীকে নিজের অতীত জীবনের দুঃখের কথা জানায় ডিপজল। তখন ফ্ল্যাশব্যাকে ওঠে আসে মাহির সঙ্গে তার ভালোবাসার সম্পর্কের কথা। ‘সিটি লাইটস’ ছবিটির ছায়া অবলম্বনে ‘অনেক দামে কেনা’র চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জাহির বাবু।

