বিনোদন প্রতিবেদক : এতিমখানায় কেটেছে রবির শৈশব কৈশর। ঘটনাচক্রে সে জায়গা ছেড়ে তাকে এক চেয়ারম্যানের বাড়িতে গিয়ে উঠতে হয়। যার মেয়ে বেলিকে পড়ানোর দায়িত্ব রবির উপর। এমনই এক গল্প নিয়ে সঞ্জিত সরকার নির্মাণ করেছেন ধারাবাহিক নাটক ‘পলাশ ফুলের নোলক’। ইমদাদুল হক মিলনের রচনায় নাটকটি আগামী ২৭ মার্চ থেকে আরটিভিতে প্রচার শুরু হতে যাচ্ছে।
নাটকে দেখা যাবে, এতিম খানায় বড় হওয়া এক যুবক রবি। হোস্টেল সুপারের সহযোগিতায় সে বিএ পাশ করে। কিন্তু এতিমখানার পরিচালনা পর্ষদের চাপের মুখে রবিকে একমাত্র আবাসস্থলটি ছেড়ে দিতে হয়। এতিমখানার ছোট ছোট বাচ্চা ছেলেরা তাদের গুরুকে কোনও ভাবেই ছাড়তে চায় না। একদিন কাউকে না বলে রবি অজানার উদ্দেশ্যে রওনা হয়।
একটি গ্রামের পাশে বাস থামে। সেখানে ফুলের মালা নিয়ে অপেক্ষা করতে থাকে গ্রামের কয়েকজন লোক। চেয়ারম্যান লাবু মিয়া তার মেয়ের শিক্ষককে আনার জন্য লোক পাঠান। রবি গাড়ি থেকে নামলে লোকগুলো তাকে চেয়ারম্যানের বাড়ি যেতে অনুরোধ করে। রবি কিছু বুঝতে পারে না। কিন্তু রবির থাকার জন্য একটা জায়গা দরকার। তাই তাদের অনুরোধে চেয়ারম্যানের বাড়ি রওনা দেয়। সে বাড়িতে যে শিক্ষকের আসার কথা ছিলো সেই শিক্ষক তিন ঘন্টা আগে ভালুকায় বাস এক্সিডেন্ট এ মারা যান। তাই তিনি আসতে পারেননি। চেযারম্যান বাড়ির সবাই ধরে নিয়েছে রবি সেই শিক্ষক। চেয়ারম্যানের মেয়ে বেলিকে পড়ানোর দায়িত্ব নেয় রবি। সেখানে তৈরী হয় বিভিন্ন নাটকিয়তা।
ধারাবাহিক নাটক ‘পলাশ ফুলের নোলক’ প্রতি রবি থেকে মঙ্গলবার রাত ৭ টা ৪০ মিনিটে আরটিভিতে প্রচার হবে। এতে চঞ্চল চৌধুরী ও মৌসুমী হামিদ ছাড়াও অভিনয় করেছেন ডলি জহুর, ডা: এজাজ, আফজাল শরীফ, রহমত আলী, তারিক স্বপন, শ্যামল জাকারিয়া, সাব্বির আহমেদ প্রমূখ।

