রাজশাহী প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ অন্যান্য সংগঠন দিবসটি পালন করেছে।
প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদ স্মৃতি সংগ্রহশালা ও ছাত্রলীগসহ অন্যান্য সংগঠন ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন।
শনিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৬টার পর থেকে বিভিন্ন আবাসিক হল, ইনস্টিটিউট, বিভাগ, অন্যান্য পেশাজীবী এবং সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে রাবি প্রশাসন। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় স্কুলে মার্চ পাস্ট ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় বিএনসিসি রোভার স্কাউট ও রেঞ্জারদের আয়োজনে সাবাস বাংলাদেশ চত্বরে অনুষ্ঠিত হয় মার্চ পাস্ট।
এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাবি ইউনিট, রাবি অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি। বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আয়োজন করা হয় প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচের। বিকেল সাড়ে ৫টায় রাবির শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সঙে শুভেচ্ছা বিনিময় করেন রাবি উপাচার্য। এছাড়া বিকেলে শহীদ মিনার মুক্তমঞ্চে এবং সন্ধ্যা ৭টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

