স্পোর্টস ডেস্ক : ফুসফুসে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ ৫ মাস লড়াইয়ের পর ৬৮ বছর বয়সে মারা গেলেন তারকা ফুটবলার ও অন্যতম সফল কোচ ইয়োহান ক্রুইফ। টোটাল ফুটবলের জনক হিসেবে খ্যাত ক্রুইফের মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ফুটবল কিংবদন্তি পেলে, ডিয়াগো ম্যারাডোনা ও বর্তমানে বার্সা সুপার স্টার লিওনেল মেসি।
১৯৭০ এর দশকের প্রথম দিকে ফুটবলকে বিশ্বের সঙ্গে নতুন আঙ্গিকে পরিচয় করিয়ে দিয়েছেন ক্রুইফ। সেই সঙ্গে সবার মন জয় করেছেন তিনি। কোনো প্রশ্ন ছাড়াই তার যুগে সেরা খেলোয়াড় ছিলেন নেদারল্যান্ডসের এই তারকা। স্বীকৃতি হিসেবে তিনবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি। বিশ্ব ফুটবলে সবচেয়ে শেষ্ঠত্বের দাবিদার পেলে ও ম্যারাডোনার কাতারেই ক্রুইফ দেখা হয়।
ক্রুইফের মৃত্যুতে শোক প্রকাশ না করে পারেননি পেলে। তিনি বলেছেন, ‘ইয়োহান ক্রুইফ সেরা খেলোয়াড় ও কোচ ছিলেন। আমাদের ফুটবল পরিবারের জন্য তিনি অনেক অবদান রেখে গেছেন। আমরা একজন সেরা মানুষকে হারালাম।’
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী তারকা ম্যারাডোনা বলেছেন, ‘বন্ধু, আমরা কখনো তোমাকে ভুলব না।’ আরেক আর্জেন্টাইন তারকা মেসি বলেছেন, ‘আজ আরেকজন কিংবদন্তি আমাদেরকে ছেড়ে গেলেন।’
ক্রুইফের মৃত্যুতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, ‘সমগ্র বিশ্ব তাকে জানত। তার মাধ্যমে বিশ্ব নেদারল্যান্ডসকে জানত।’

