স্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপে বুধবার ভারতের কাছে ১ রানে আক্ষেপের হারের ক্ষত এখনো শুকায়নি। সেই সঙ্গে মরার ওপর খাড়ার ঘাঁ হয়ে দেখা দিল ওই ম্যাচে বাংলাদেশের স্লো ওভার রেট। এর জন্য জরিমানা গুণতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
টাইগার দলপতির ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাদ যাননি দলের বাকি খেলোয়াড়রাও। সাকিব-তামিম-মাহমুদুল্লাহদের জরিমানা গুণতে হবে ম্যাচ ফির ১০ শতাংশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
আইসিসির পক্ষ থেকে সংস্থাটির এমিরেটস এলিট প্যানেলভুক্ত ম্যাচ রেফারি ক্রিস ব্রড বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটিতে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেননি মাশরাফি। এক ওভার সময় বেশি নিয়েছেন তিনি। আইসিসির নিয়ম বলছে, কোনো টুর্নামেন্টে এই ঘটনা দু’বার ঘটালে এক ম্যাচ নিষিদ্ধ করা হয় অধিনায়ককে। কিন্তু মাশরাফিকে এই টুর্নামেন্টে সেই নিষেধাজ্ঞা পেতে হচ্ছে না। কারণ আগামীকাল শনিবার নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়েই শেষ হচ্ছে তাদের টি২০ বিশ্বকাপ মিশন। এ ছাড়া মাশরাফি দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিকভাবে কোনো শুনানি হয়নি।’

