নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ও প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে যেসব শিক্ষার্থী প্রথম পর্যায়ে প্রাথমিক আবেদন করেনি তারা ২৯ মার্চ বিকেল ৪টা থেকে ৩ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissisions অথবা admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ প্রক্রিয়ায় আবেদনকারীদের কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে না। পরবর্তীতে তাদের মেধাতালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক এ ধরনের শিক্ষার্থীদের আবেদন অনলাইনে নিশ্চিত না করা হলে তারা রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে পারবে না। রিলিজ স্লিপের অনলাইন আবেদনের সময়সূচি পরবর্তীতে উল্লিখিত ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে।

