নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের ছেলে মেয়েরা যেন আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে ওঠতে পারে, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেজন্যই আমরা স্টুডেন্টস কেবিনেট নির্বাচন করছি।
সোমবার রাজধানীর মতিঝিল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, এ নির্বাচনের সব কিছু পরিচালনা করছে শিক্ষার্থীরাই। নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সব দায়িত্ব তারাই পালন করছে।
তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা যেন অন্যের প্রতি সহনশীল হন। তাদের মধ্যে যেন শত্রুতার মনোভাব না হয়। এ শিক্ষা যদি তাদের মধ্যে না আসে তাহলে দেশে সঠিক গণতন্ত্র আসবে না।
২০১০ সালে প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মত স্টুডেন্টস ক্যাবিনেট চালু হয়।
পরে গত বছরের ৮ আগস্ট এক হাজার ৪৩টি বিদ্যালয়ে প্রথমবার মাধ্যমিক ও দাখিল পর্যায়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন হয়।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩৮৫ উপজেলার ১৩ হাজার ১৭৯টি মাধ্যমিক বিদ্যালয় ও চার হাজার ৯৫৪ দাখিল মাদ্রাসায় চলতি বছরের প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হয়।
এর মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রত্যক্ষভোটে নির্বাচিত আটজন প্রতিনিধির সমন্বয়ে এক বছরের জন্য স্টুডেন্টস কেবিনেট গঠিত হবে।
তাদের মধ্যে একজন প্রধান কেবিনেট থাকবে। এছাড়া প্রত্যেক শ্রেণি থেকে একজন করে পাঁচ শ্রেণি (ষষ্ঠ থেকে দশম) থেকে ৫ জন ও পরবর্তী সর্বোচ্চ ভোট প্রাপ্ত তিন শ্রেণির ৩ জনসহ মোট ৮ জন নিয়ে কেবিনেট গঠিত হবে।
চলতি বছর দ্বিতীয় দফায় ৩১ মার্চ ১০২টি উপজেলায় ৪ হাজার ৮৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

