গাজীপুর প্রতিনিধি : জেলার কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ভোরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কোনাবাড়ি থেকে হাঁটুভাঙ্গা যাওয়ার পথে খাড়াজোড়া এলাকায় একটি যাত্রীবোঝাই লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় লেগুনায় থাকা ১৬ যাত্রীর মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন। বাকি ১৫ যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। নিহত যাত্রীর নাম পরিচয় জানা যায়নি।
অপরদিকে ভোরে একই মহাসড়কের হিজলতলী এলাকায় শিলাবৃষ্টির পাম্পের সামনে উত্তরবঙ্গ থেকে আসা গাড়ির ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন।

