হবিগঞ্জ প্রতিনিধি : জেলার লাখাই উপজেলার করাব গ্রামে জমিতে ছাগল চড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যেদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আব্দুল কাইয়ুম (৫০), দিদার আলী (৫০), নাজির মিয়া (৩০), জিয়াউর রহমান (৩৫), অন্তর মিয়া (৬০), সাদ্দাম মিয়া (২০), নেওয়াজ আলী (২০), নোয়াব আলী (৩০), আব্দুল মালেক (২৪), মুর্শিদ মিয়া (২২), জলিল মিয়া (১৯), আব্দুস সামাদ (৪৫), ফারুক মিয়া (৪৫), শাহানা খাতুন (২৬), হাজেরা খাতুন (৩০), ছালেক মিয়া (২০), এরশাদ আলী (৩০), আরিফ মিয়া (১৯), আব্দুল হাই (১৯), জাহাঙ্গীর (২৮), রোকেয়া খাতুনসহ (১৬) অর্ধশতাধিক আহত হয়।
স্থানীয়রা জানায়, উপজেলার করাব গ্রামের খলবাড়ির আদম আলীর সাথে পাশের মোল্লা বাড়ির নাছির উদ্দিনের ফসলি জমিতে ছাগল চড়ানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

