চট্টগ্রাম প্রতিনিধি : এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে সদরঘাটের ঝুট ব্যবসায়ী আব্দুল জাহেদ (৪৫) খুন হয়েছেন বলে দাবি করেছে পুলিশ ও নিহতের পরিবার।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসার সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন জাহেদ। তিনি তিনি এলাকায় ইসলামীয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রয়েলের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
নিহত আব্দুল জাহেদ ৪৭ নম্বর পূর্ব মাদারবাড়ির কামাল গেট এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় ও চমেক সূত্র জানায়, সদরঘাট থানার কামাল গেট এলাকায় ছাত্রলীগ নেতা রয়েল ও আনিসের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময় তাদের মধ্যে ঝামেলা হয়। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রয়েল গ্রুপ ও আনিস গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের জের ধরে প্রতিপক্ষের লোকজন রাত সাড়ে ১২টার দিকে বাসার সামনে জাহেদকে গুলি করে। এসময় জাহেদ শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হন। পরে রাত ২টার দিকে জাহেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে পরিবারের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, রাতে আনিসের পক্ষের লোকজন কামাল গেইট এলাকায় গিয়ে জাহেদের বাড়ির ফটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ সময় জাহেদ বাসা থেকে বের হওয়ার সাথে সাথে তাকে গুলি করে হত্যা করা হয়।
সদরঘাট থানার ওসি মইনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুনের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।’

