ঢাকাTuesday , 15 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফ্রিদিকে ভুল বোঝা হচ্ছে?

Link Copied!

afridiস্পোর্টস ডেস্ক : ভারতে চলমান টি২০ বিশ্বকাপের ষষ্ঠ আসরে খেলতে পারবে কি পাকিস্তান? দিন চারেক আগেও এমন প্রশ্নই বিরাজ করছিল ক্রিকেট দুনিয়ায়। আপাতত এই প্রশ্নের উত্তর মিলেছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতে পা রেখেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। চিরপ্রতিদ্বন্দ্বী দেশটিতে পা ফেলেই পাকিস্তানের দলপতি শহিদ আফ্রিদি জানান, পাকিস্তানের চেয়ে ভারতে বেশি ভালোবাসা পান। এতে বিতর্কের ঝড় ওঠে পাকিস্তানে। তেলে-বেগুনে জ্বলে উঠেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।
জাভেদ মিয়াঁদাদ যেমন আফ্রিদিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘ভারত কী দিয়েছে? ভারতে থাকাকালীন সত্যি কথাই বলা উচিত। গত পাঁচ বছরে পাকিস্তানের ক্রিকেটের জন্য ভারত কী এমন করেছে বা দিয়েছে? আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এমন মন্তব্য শোনা আমার জন্য চরম অপমানেরও বটে।’ এখন বলার অপেক্ষা রাখে না যে এমন পরিস্থিতিতে আফ্রিদি ‘কোণঠাসা’ হয়ে পড়েছেন। এবার নিজের অবস্থান পরিষ্কার করতে চাইলেন পাকিস্তান অধিনায়ক। জানালেন, তার মন্তব্য নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে? পাশাপাশি তাকে নাকি ভুল বোঝা হচ্ছে? সমালোচকদের উদ্দেশ্যে আফ্রিদি বলেন, ‘আমার পরিচয় পাকিস্তানি। দয়া করে আমার মন্তব্যকে ইতিবাচকভাবে গ্রহণ করুন।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ফেসবুক পেজে আফ্রিদির একটি বিবৃতি পোস্ট করেছে। সেখানে পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘পাকিস্তানের মানুষের চেয়ে বড় আমার কাছে কিছু নেই। এখানে (ভারত) মিডিয়ার একজন আমাকে প্রশ্নটা করলেন বলে এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি যা গোটা দুনিয়ায় পৌঁছে যায়। তাই বলেছি আমরা এখানে যখনই আসি, যথেষ্ট সম্মান পাই। এই একই কথা তো ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইনজামাম-উল-হকরাও এখানে এসে বলেছেন। তারা এভাবে বলে গেছেন যে, এখানে ক্রিকেটই ধর্ম। ইমরান ভাইকে জিজ্ঞেস করুন, উত্তরটা পেয়ে যাবেন।’
বুধবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। তার আগে বিতর্ক কিছুটা হলেও তাকে মানসিকভাবে পিছিয়ে রাখবে। কেননা শুধু পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাই নয়, নিজ দেশের গোটা জনতাই হয়তো তার মন্তব্যে নাখোশ। আফ্রিদির প্রতি চটে আছেন। এই মুহূর্তে তাদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাবেন না ফর্মহীনতায় ভুগতে থাকা পাকিস্তান দলনেতা!