দিনাজপুর প্রতিনিধি : জেলার খানসামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০টির অধিক বাড়ি পুড়ে গেছে। এতে আনুমানিক ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
শনিবার রাত ১১টার দিকে দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের সরকার পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. সাকিব চৌধুরী জানায়, ললনী রায়ের বাড়িতে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ৬০টির অধিক বাড়িতে। পরে নীলফামারী থেকে আসা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২টি গরু, ৪টি ছাগল, ২টি মোটরসাইকেলসহ ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
খানসামার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ চন্দ্র সরকার জানান, তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

