স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লিগে জয়যাত্রা চলছেই বার্সেলোনার। শনিবার রাতে মেসি-নেইমার চমকে গেতাফের জালে গোল উৎসব করেছে কাতালান শিবির। ৬-০ গোলে জিতেছে লুইস এনরিক শিবির।
ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোলটি আত্মঘাতি। মেসি বল বাড়ান ডি-বক্সের বাঁ দিকে জর্ডি আলবাকে। তার নীচু ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন গেতাফের রদ্রিগেস। দুই মিনিট পরই পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করেন মেসি। ডি-বক্সে নেইমারকে ভেলাসকেস ফেলে দিলে স্পট কিকের নির্দেশ দিয়েছিলেন রেফারি। ডান দিকে নেয়া মেসির দুর্বল শট ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন গোলরক্ষক।
২০ মিনিটে ব্যবধান দ্বিগুন করে বার্সা। ইনিয়েস্তার দুর্দান্ত পাস ডি-বক্সের ভেতরে খুঁজে পায় মেসিকে। আর্জেন্টিনা অধিনায়কের ক্রসে হেড করে গোল করেন সুয়ারেজের বদলে মাঠে নামা মুনির। ১২ মিনিট পর আবারও গোলের যোগানদাতা মেসি। ডি-বক্সে নিখুঁতভাবে বাড়ানো বলে প্রথম ছোঁয়াতেই গোল করেন নেইমার (৩-০)।
৪১ মিনিটে নিজের প্রথম গোলের দেখা পান মেসি। ডি-বক্সের একটু বাইরে থেকে নেওয়া তার জোরালো শট এবার ঠেকাতে পারেননি গোলরক্ষক। লা লিগায় মেসির এটি ২২তম গোল। ২৭ গোল করে সামনে রয়েছেন রোনালদো ও সুয়ারেজ।
বিরতির পর ম্যাচের ওই একই চিত্র; একের পর এক আক্রমণ বার্সেলোনার। ৫১ মিনিটে মেসির নিখুঁত বাড়ানো বল ডি-বক্সে খুঁজে নেয় নেইমারকে। প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন ব্রাজিল অধিনায়ক। এই মৌসুমে লা লিগায় গোল হলো তার ২০টি। এর কিছুক্ষণ পর ৫৭ মিনিটে বার্সার হয়ে ষষ্ঠ গোলটি করেন তুরান।
লা লিগায় বার্সেলোনার এটি টানা ১২তম জয়। আর এ নিয়ে টানা ৩৭ ম্যাচে অপরাজিত রইলো কাতালান ক্লাবটি। ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শিরোপার পথে এগিয়ে গেল বার্সা। ১১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রোনালদোর রিয়াল মাদ্রিদ।

