রাজশাহী প্রতিনিধি : পবা উপজেলার নওহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ট্রাক চাপায় রাজন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক মোটরসাইকেল আরোহী জীবন (১৫) গুরুতর আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন পাশের দুর্গাপুর উপজেলার মোহনগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত জীবনও একই এলাকার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজন ও জীবন মোটরসাইকেলে করে নওহাটা বাজার এসে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় রাজন ও জীবন ট্রাকের নিচে পড়ে। কিন্তু চালক ট্রাকটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই রাজন নিহত হন। স্থানীয়রা ধাওয়া দিয়ে চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ট্রাক চালক মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

