স্পোর্টস ডেস্ক : টেস্ট ও ওয়ানডের পর এবার টি২০ ক্রিকেটেও বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন তামিম ইকবাল। তিন ফরম্যাটেই সেরা এখন হার্ড হিটার এই ব্যাটসম্যান।
শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৬ বলে ৪৭ রান করেন তিনি। যদিও ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। কিন্তু তামিম ছুয়েছেন নতুন কীর্তি। সাকিবকে ছাড়িয়ে টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন তামিম।
হাবিবুল বাশারকে টপকে টেস্টে পরে সাকিব আল হাসানকে টপকে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক হন তামিম। শুক্রবার ধর্মশালায় ৯৪২ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন তিনি। সাকিব ছুঁতে লাগতো ৩৭ রান (টি২০’তে সাকিবের রান ৯৭৯)। তামিম করেন ৪৭ রান। টি২০ ক্রিকেটে তামিমের মোট রান এখন ৪৮ ম্যাচে ৯৮৯। গড় ২২.৪৭।
টেস্টে তামিমের রান সংগ্রহ ৩ হাজার ১শ’ ১৮। ওয়ানডেতে ৪ হাজার ৭শ’ ১৩। আগামী রোববার ওমানের বিরুদ্ধে ১১ রান করতে পারলেই টি ক্রিকেটে তামিম ছুবেন এক হাজার রানের মাইলফলক।

