স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে রূপকথার জয়। দ্বিতীয় ম্যাচটি মাঠেই গড়ায়নি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত। ফলে হয়েছে পয়েন্ট ভাগাভাগি। নেদারল্যান্ডস বিদায় নিলেও টি২০ বিশ্বকাপের মূল পর্বের খেলার সম্ভাবনা এখনও উজ্জ্বল ওমানের। তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশের সঙ্গে সমানে সমান। আগামী রোববার এ গ্রুপের অলিখিত ফাইনালে বাংলাদেশকে হারিয়ে সুপার টেনে উঠতে চায় মধ্য প্রাচ্যের এই দেশটি।
শুক্রবার ধর্মশালায় বেলা সাড়ে তিনটায় মুখোমুখি হওয়ার কথা ছিল ওমান ও নেদারল্যান্ডসের। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে ম্যাচ হয় পণ্ড। আর এতে বেশ হতাশ ওমান শিবির। পরে ম্যাচ না খেলার হতাশা থেকে ওমানের অধিনায়ক সুলতান আহমেদ বলেন, ‘আজ (শুক্রবার) খেলতে পারলে আরও ভালো লাগত। তবে পরের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে মূল পর্বে উঠতে আমরা আত্মবিশ্বাসী।’
আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটিও হয়েছে পরিত্যক্ত। বিদায় আয়ারল্যান্ড। বাংলাদেশের সামনে এখন ওমান। রোববার এদের বিরুদ্ধে জিততে পারলেই সুপার টেনে খেলবে বাংলাদেশ। তবে ঐ ম্যাচ পরিত্যক্ত হলেও নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে মূল পর্বে খেলবে বাংলাদেশই। সব মিলিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে মাশরাফি বাহিনী। তবে প্রথমবারের মতো কোন বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে আসা ওমানও স্বপ্নে বিভোর সুপার টেনে খেলার।
বাছাই পর্বে তারা ভালো করবে, এমন আত্ববিশ্বাস নাকি ছিল ওমান শিবিরের। অধিনায়ক জানান, ‘আত্মবিশ্বাস আমাদের শুরু থেকেই ছিল। কারণ স্কটল্যান্ড, আয়ারল্যান্ডে আমরা ভালো খেলেছি। ওদেরকে ওদের মাটিতে হারিয়েছিলাম। তাই শুরু থেকেই এই বিশ্বাসটা ছিল আমাদের মনে।’
সুপার টেনের প্রসঙ্গে বেশ রোমাঞ্চিত সুলতান আহমেদ, ‘আমরা খুবই রোমাঞ্চিত। চেষ্টা থাকবে বাংলাদেশের বিরুদ্ধে সেরাটা দেয়ার। আমাদের সবার চোখ এখন সুপার টেন পর্বে’।

