জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের চারকর্মীকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
মঙ্গলবার ভোর ৪টার দিকে মওলানা ভাসানী হলে এ ঘটনা ঘটে। পরে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ছাত্রদল করার অপরাধে মঙ্গলবার ভোরে মওলানা ভাসানী হলের ৪১তম ব্যাচের ছাত্র আসাদুজ্জামান আসাদ (ইংরেজি বিভাগ), স্বপন আলী (ইংরেজি বিভাগ), মেহেদী হাসান (ইতিহাস বিভাগ) ও নরুল হককে (পর্দাথ বিজ্ঞান বিভাগ) বেধড়ক মারধর করে ছাত্রলীগকর্মীরা। পরে আহতদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
হল ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ছাত্রলীগ সম্পর্কে অপত্তিকর মন্তব্য করে আসছিল। সর্বশেষ মঙ্গলবার ভোরে ছাত্রদলের গোপন মিটিং করে রুমে ঢুকছে এমন খবর পেয়ে তাদের মারধর করা হয়েছে।
হলের আবাসিক ছাত্র ও শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান জানান, কোনো ছাত্রের গায়ে হাত তোলা ঠিক নয়। কিন্তু সম্প্রতি তারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পায়তারা করছিল। এ জন্য জুনিয়ররা তাদের মারধর করেছে। কেউ ভবিষ্যতে এমন অপতৎপরতা সৃষ্টি করতে চাইলে জাবি ছাত্রলীগ তাদের শক্ত হাতে দমন করবে।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, ‘ছাত্রলীগই ক্যাম্পাসে অপতৎপরতা সৃষ্টির লক্ষ্যে ছাত্রলদকর্মীদের মারধর করছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে অভিযুক্ত ছাত্রলীগ ক্যাডারদের বিচার দাবি করছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, ‘মারধরের শিকার চার শিক্ষার্থী এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

