ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাফিজের পরিবারকে ৪ লাখ টাকা দিল ঢাবি

Link Copied!

hafiz-duনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের মেধাবী ছাত্র মো. হাফিজুল মোল্লার মৃত্যুর ১ মাস পর তার পরিবারকে ৪ লাখ টাকা হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (ঢাবি)।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, হাফিজুরের মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়। তবে হাফিজুরের মৃত্যুর কারণ হিসেবে হলের গেস্টরুমে নির্যাতনকে দায়ী করছে প্রগতিশীল ছাত্রসংগঠনসমূহ। এ নিয়ে তারা গত ২৪ ফেব্রুয়ারি উপাচার্যের কার্যালায় ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
রোববার (৬ মার্চ) সকালে উপাচার্যের দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক হাফিজুরের পিতা এসহাক মোল্লাকে এই টাকা হস্তান্তর করেন।
এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১ লাখ টাকা, বিজনেস স্টাডিজ অনুষদ ৫০ হাজার টাকা, মার্কেটিং বিভাগ ৫০ হাজার টাকা, সলিমুল্লাহ মুসলিম হল কর্তৃপক্ষ ৫০ হাজার টাকা, মার্কেটিং বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন ৫০ হাজার টাকা, অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক ৫০ হাজার টাকা এবং হাসান আহমেদ চৌধুরী কিরণ ৫০ হাজার টাকা প্রদান করেন।
এ সময় ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘হাফিজের অকাল মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, সারাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরনের হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি রোধে সকলকে সচেতন হতে হবে। অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে’।
অসুস্থ শিক্ষার্থীদের বাড়িতে না গিয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার অথবা নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
টাকা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. বেলায়েত হোসেন, অধ্যাপক ড. রাজিয়া বেগম, অধ্যাপক ড. মুবিনা খোন্দকার, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. শরিফুল ইসলাম দুলু, প্রয়াত হাফিজুল মোল্লার মা হালিমা বেগম প্রমুখ।
প্রসঙ্গত, মো. হাফিজুল মোল্লা গত ২ ফেব্রুয়ারি ফরিদপুর হাসপাতাল থেকে ঢাকায় আনার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলেন। তার বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর গ্রামে।