চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত দেড়টার দিকে পাহাড়িকা আবাসিক এলাকার জয়নব ভিলায় এ ঘটনা ঘটে।
নিহত পারভীন আক্তার (৩২) প্রবাসী নুরুল আলমের স্ত্রী। তারা ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘রাতে তিনজন দুর্বৃত্ত পারভীনের বাসায় ঢুকে সোনার গয়না নিয়ে যেতে চায়। এসময় তিনি চিৎকার করতে চাইলে দুর্বৃত্তরা পারভীনের মুখ চেপে ধরলে শ্বাসরোধে তার মৃত্যু হয়। দুর্বৃত্তরা এসময় পারভীনের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলে সাইদকে (১২) বাথরুমে বেঁধে রাখে।’
সাইদের বরাত দিয়ে ওসি বলেন, ‘পাঁচজনের একটি দল রাত দেড়টার দিকে ঘরে প্রবেশ করে। এর মধ্যে তিনজন দুর্বৃত্ত পারভীনের রুমে প্রবেশ করে তার কাছে স্বর্ণ-অলংকারের বিষয়ে জানতে চায়। পারভিন তা জানাতে অপারগতা প্রকাশ করেন। এসময় দুর্বৃত্তরা সাইদকে বাথরুমে বেঁধে রেখে এসে পারভীন স্বর্ণ-অলংকার বের করে দিতে চাপ দিতে থাকে। এক পর্যায়ে পারভীনের সাথে ধস্তাধস্তি শুরু হয় দুর্বৃত্তদের। এসময় তিনি চিৎকার করতে চাইলে পারভীনের মুখ চেপে ধরে দুর্বৃত্তরা। এসময় শ্বাসরোধে পারভীনের মৃত্যু হয়।’
তিনি আরো জানান, নিহত পারভীন জয়নব ভিলার তৃতীয় তলায় ছেলেকে নিয়ে থাকতেন। দ্বিতীয় তলায় তার ভাসুর থাকেন।
পারভীনের ভাসুরের ছেলে মামুনের বরাত দিয়ে ওসি মোহাম্মদ মহসীন বলেন, দুর্বৃত্তরা বাসা থেকে সোনার গয়না নিয়ে গেছে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

