স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষের ম্যাচে পাকিস্তানের পক্ষে নিজের এক মাসের বেতন বাজি ধরেছিলেন ৫০ বছর বয়সী এক ক্রিকেট ভক্ত। সেই বাজিতে হেরে যাওয়ায় আত্মহত্যা করেছেন তিনি। পাকিস্তানি পত্রিকা ডন শুক্রবার এ খবর জানায়। এবার এশিয়া কাপে দুর্দান্ত খেলছে স্বাগতিক বাংলাদেশ। আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে খেলতে নামা তারা। সেই ম্যাচ সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদেরকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে নাম লেখান মাশরাফিরা। কিন্তু এতে আত্মহত্যা করতে হল মোহাম্মদ শফিক নামের এক পাকিস্তানিকে। পাঞ্জাব ইরিগেশন ডিপার্টমেন্টে জুনিয়র ক্লার্ক হিসেবে চাকুরি করতেন তিনি। বাংলাদেশের বিপক্ষের ম্যাচে তার এক মাসের বেতন ৩০ হাজার রুপি বাজি ধরেছিলেন। বাজিতে হেরে যাওয়ায় তার অফিসের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শফিকের ভাই মোহাম্মদ রমজান বলেন, ‘আমার ভাই ম্যাচের টাকা হারানোর পর আত্মহত্যা করেছেন।’

