ঢাকাFriday , 4 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসির হ্যাটট্রিকে ইতিহাস গড়ল বার্সা

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামার আগে স্প্যানিশ ফুটবলে টানা ৩৪ ম্যাচে অপরাজিত ছিল বার্সেলোনা। তাতে ১৯৮৮-৮৯ মৌসুমে রিয়াল মাদ্রিদ গড়া রেকর্ডে ভাগ বসিয়েছিল কাতালানরা। বৃহস্পতিবার লিওনেল মেসির হ্যাটট্রিকে রায়ো ভায়োকানোকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে রিয়ালের সেই রেকর্ড ভাঙল বার্সা। সব ধরনের প্রতিযোগিতা মিলে স্প্যানিশ ফুটবলে টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার ইতিহাস গড়ল লুইস এনরিকের দল।
এস্তাদিও ডেল রায়ো ভায়োকানো স্টেডিয়ামে শুরুতে অবশ্য বার্সার সঙ্গে লড়াইয়ের আভাস দিয়েছিল স্বাগতিকরা। খেলার ২২ মিনিট পর্যন্ত মেসি-নেইমার-সুয়ারেজদের গোলবঞ্চিত রাখে তারা। কিন্তু কতক্ষণ আর আটকে রাখা যায় দুর্দান্ত ফর্মে থাকা বার্সার খেলোয়াড়দের? সফরকারী কাতালানদের শুভ সূচনা এনে দেন ইভান রাকিটিচ। ম্যাচের ২২ মিনিটে ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারের করা গোলে প্রত্যক্ষ অবদান রাখেন সার্জিও রবার্তো।
এরপর শুরু মেসি শো। ২৩, ৫৩ ও ৭২ মিনিটে দারুণ এক হ্যাটট্রিক পূর্ণ করেন বার্সার প্রাণভোমরা। ভায়োকানোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আরদা তুরান। ম্যাচের ৮৬ মিনিটে স্বাগতিকদের জাল কাঁপান অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সায় পাড়ি জমানো তুর্কি মিডফিল্ডার। এর মাঝে অবশ্য ৫৭ মিনিটে ভায়োকানোর পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল করেন আলবার্তো মানুচো (৫-১)।
এই জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি আরো মজবুত করল বার্সা। কাতালানদের ভাণ্ডারে সঞ্চয় ২৭ ম্যাচে ৬৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের (৬১) চেয়ে তারা এগিয়ে ৮ পয়েন্টে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের (৫৭) সঙ্গে লুইস এনরিকের দলের ব্যবধানটা বেড়ে দাঁড়িয়েছে ১২। বার্সা-রিয়াল-অ্যাটলেটিকো স্প্যানিশ তিন ঘোড়াই খেলেছে ২৭টি করে লিগ ম্যাচ।