পাবনা প্রতিনিধি : জেলার বেড়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কোরবান আলীর কর্মী-সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন ও জুলহাস উদ্দিনের কর্মী-সমর্থকদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ঢালারচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ঢালারচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কোরবান আলী সরদার রয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ছয়জনের অবস্থা গুরুতর। তারা হলেন-কালাম ফকির (৪০), পাশান শেখ (৪৪), সালাম (৫২), অহেদ আলী (৬০),গোলাম খাঁ (৫৫) ও মাহাতাব (২২)।
কোরবান আলী সরদার জানান, বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের পর থেকেই পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর সমর্থনপুষ্ট নাসির হোসেন ও জুলহাস উদ্দিনের ক্যাডাররা বন্দুক, কাটারাইফেল ও ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে। এক পর্যায় রাত ১১টার সময় ঢালার চরের সিদ্দিক মোড়ের তারা আমাদের অফিসে হামলা ও গুলি চালায়।
এ ঘটনায় আমিনপুর থানায় কোরবান আলী সরদার বাদী হয়ে ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন ও আওয়ামী লীগ নেতা জুলহাস আলীসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে আমিনপুর থানায় মামলা দায়ের করেছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

