ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস শ্রমিকরা। এতে ঝিনাইদহ থেকে যশোর-কুষ্টিয়া-চুয়াডাঙ্গা ও মাগুরার যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়।
শ্রমিকরা জানান, সকালে মহাসড়কে ইজিবাইক চালাতে বাধা দিলে এর এক শ্রমিক কালু নামের বাস শ্রমিককে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে হামলাকারীকে গ্রেপ্তার ও মহাসড়কে ইজি বাইক চলাচল বন্ধের দাবিতে বাসশ্রমিকরা ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে। পরে হামলাকারীকে গ্রেপ্তার করা হবে পুলিশের এমন আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর জানান, একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ হয়েছিল। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

