বগুড়া প্রতিনিধি : অপহণের ছয়দিন পর এক ট্রাকচালককে হাত-পা বাঁধা অবস্থায় রেললাইনের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশকে সহযোগিতা করায় ট্রাক চালককে অপহরণ করা হয় বলে অনুসন্ধানে জানা যায়।
বুধবার সকালে শহরতলীর কৈচড় এলাকায় রেললাইনের পাশ থেকে পুলিশ আব্দুল খালেককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। অপহরণের শিকার ট্রাকচালক আব্দুল খালেক (৩০) বগুড়া শহরের পুরান বগুড়া জিলাদার পাড়ার আব্দুস সামাদের ছেলে। গত ২৫ ফেব্রুযারি রাতে পুরান বগুড়া তিনমাথা এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছিল।
অপহরণের শিকার আবদুল খালেকের পারিবারিক সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি রাতে তিনি পঞ্চগড় থেকে ট্রাক নিয়ে বগুড়ায় আসেন। এরপর তিনমাথা রেলগেট এলাকায় ট্রাক থামিয়ে চা পান করছিলেন। সেখান থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। পরদিন মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা নেয় অপহরণকারীরা। এরপরেও মুক্তি না দিলে আব্দুল খালেকের স্ত্রী শেফালী বেগম ছয়জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অপহরণ মামলা করেন। ওই মামলায় পুলিশ একই এলাকার খোকন, মিরাজ ও ডন নামের তিনজনকে গ্রেপ্তার করে।
ট্রাকচালক আব্দুল খালেককে অপহরণের নেপথ্যের কারণ অনুসন্ধানে জানা যায়, তার ছোট ভাই আনসার আলী দুই সপ্তাহ আগে পুরান বগুড়া এলাকার মাদক ব্যবসায়ী মালা বেগমকে ৫ বোতল ফেনসিডিলসহ পুলিশে ধরিয়ে দেয়। কিন্তু পুলিশ মালা বেগমকে থানায় না নিয়ে গিয়ে ২০ হাজার টাকা লেনদেনের মাধ্যমে ঘটনাস্থল থেকেই ছেড়ে দেয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে মালা বেগমের ছেলে শুভর নেতৃত্বে সন্ত্রাসীরা আনসার আলীকে খুঁজতে থাকে। সন্ত্রাসীদের ভয়ে আনসার আলী তার কর্মস্থল দিনাজপুরে চলে যায়। এরপর সন্ত্রাসীরা এলাকায় শালিস বসিয়ে ট্রাকচালক খালেকের ওপর দায় চাপিয়ে তার ২০ হাজার টাকা জরিমানা করে। শালিস বৈঠকেই খালেকের কাছ থেকে ৮ হাজার টাকা আদায় করা হয়। এরপর বাকি ১২ হাজার টাকার শুভর নেতৃত্বে সন্ত্রাসীরা খালেককে চাপ এবং ভয়ভীতি দেখাচ্ছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক শেখ জানান, মামলা হওয়ার পরপরই তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। এতে পরিস্থিতি বেগতিক দেখে খালেককে হাত-পা বেঁধে রেললাইনের পাশে ফেলে রাখা হয়। মাদক ব্যবসায়ীর বিষয়ে পুলিশকে তথ্য দেয়ার জের ধরে খালেককে অপহরণ করা হয়েছিল বলে তিনি স্বীকার করেন।

