বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশে বায়োমেট্রিক পদ্ধতি বা আঙুলের ছাপে সিম নিবন্ধন ও পুনঃনিবন্ধন চালু হওয়ার পর মোবাইল অপারেটর বাংলালিংক এক কোটির বেশি গ্রাহকদের নিবন্ধন সম্পন্ন করতে পেরেছে। যা অপারেটরটির গ্রাহক সংখ্যার ৩৫ শতাংশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিকে বাংলালিংক জানায়, মোবাইল শিল্পের জন্য এটি একটি বড় পদক্ষেপ। বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতি দেশের মোবাইল ব্যবহারকারীদের নির্ভরযোগ্য নিবন্ধন, যথাযথ জবাবদিহিতা এবং নিরাপত্তা বাড়াবে।
বাংলালিংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এরিক অস বলেন, ‘এটা সত্যি যে, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ নতুন, তবে আমরা এটিকে আমাদের নতুন গ্রাহক বৃদ্ধি এবং পুরাতন গ্রাহকদের ধরে রাখার সুযোগ হিসেবে বিবেচনা করছি। আমরা সেই সব গ্রাহকদের ধন্যবাদ জানাই যারা স্বেচ্ছায় প্রথম ধাপেই বায়োমেট্রিক ভেরিফিকেশন করেছেন।
এরিক অস জানান, বাংলালিংক ইতিমধ্যে বিপুল পরিমাণ কর্মী এবং সিম বিক্রেতাদের বায়োমেট্রিক ভেরিফিকেশন প্রশিক্ষণ দিয়েছে। বাংলালিংকের হাজার হাজার প্রশিক্ষিত কর্মী এবং বিক্রেতারা বায়োমেট্রিক ভেরিফিকেশনের কাজ করে যাচ্ছেন। দ্রুত ভেরিফিকেশন শেষ করতে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাধ্যমে অনেকগুলো ডিভাইসকে কাজে লাগানো হয়েছে।

