কক্সবাজার প্রতিনিধি : জেলার টেকনাফে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৯ জন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে।
বুধবার সকাল ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী স্টেশনের জাফর আলীর দোকানের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ। নিহত জয়নাল আবেদীন (২২) হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার জালাল আহমদের ছেলে।
আহতরা হলেন- একই এলাকার মোহাম্মদ রফিক (৩২), নুর মোহাম্মদ (২৫), নুরুন্নাহার বেগম (৪০), আব্দুল আলিম (৩৪), আবুল মঞ্জুর (৩৫), নুরুল বশর (১৬), মোহাম্মদ সেলিম (৩২), খোরশিদা বেগম (২৮) ও শাহ আলম (৩২)। আহতরা সকলেই কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত ও আহতের স্বজনদের বরাত দিয়ে টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ জানান, জমি মালিকানা নিয়ে হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার আবু সিদ্দিকের সঙ্গে তার ভাগিনা মোহাম্মদ ইসমাঈল ও নুর আহমদের বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে জয়নাল আবেদীন নামের এক যুবক মারা যান।
ওসি জানান, নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক দেখানো হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নোবেল কুমার বড়ুয়া জানান, হাসপাতালে আনার আগেই জয়নাল মারা যান। তার শরীরের একাধিক স্থানে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি আব্দুল মজিদ।

