নারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার সোনারগাঁওয়ে মেসার্স চান অ্যান্ড সূর্য ফিলিং স্টেশনের তেলের ডিপোতে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর একটার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের মঝুমপুর হাতুড়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরিশাল জেলার উজিরপুর উপজেলার গাজীরপাড় গ্রামের মোজাম্মেলের ছেলে মাসুম (৩০)। অপরজন হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছুনপালা গ্রামের জিন্নাত আলীর ছেলে হান্নান (৩৫)। মাসুম ওই ফিলিং স্টেশনের কর্মী ও হান্নান নৈশপ্রহরী হিসেবে কাজ করছিলেন।
সোনারগাঁও থানার সহকারী উপপরিদর্শক মাকসুদ জানান, সকালে ফিলিং স্টেশনের তেলের ডিপো পরিষ্কার করতে গিয়ে সেখানে পড়ে যায় মাসুম। তাকে উদ্ধার করতে গিয়ে ডিপোতে পড়ে যান নৈশপ্রহরী হান্নানও। পরে দুজনই মারা যান। খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। চেষ্টা করেও তারা এ দুই শ্রমিককে জীবিত উদ্ধার করতে ব্যর্থ হয়।

