রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে র্যাবের অভিযানে আটক ৯ জন দালালকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকালে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শুকলা সরকার এ দণ্ড দেন। র্যাব-৫ এর মিডিয়া উইয়িং কর্মকর্তা এএসপি শ্যামল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ফজর আলী (২৯), দুলাল হোসেন (৩৩), আজিজুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম (৪২), মকসেদ আলী (৬২), পরশ (৩৫), শহিদুল ইসলাম (৩১), রাজু (২৫) এবং মাসুম বিল্লাহ (২৫)। এরা নগরীর সপুরা, শালবাগান, ছোটবনগ্রাম, হেতেমখাঁ এলাকার বাসিন্দা।
এএসপি শ্যামল চৌধুরী জানান, ওই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছিল। তারা মানুষকে পাসপোর্ট করে দেয়ার নামে অর্থ আদায় করে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুকলা সরকারের নেতৃত্বে রোববার সকালে র্যাব অভিযান চালিয়ে ৯ দালালকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ৯ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
উল্লেখ্য, এর আগেও কয়েকবার একই কায়দায় রাজশাহী পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরও জেল-জরিমানাও করে।

