কক্সবাজার প্রতিনিধি : জেলার টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। জব্দ করা হয়েছে একটি কাঠের নৌকা। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শনিবার ভোরে হ্নীলা ইউনিয়নের অবরাং এলাকার ২নং স্লুইচ গেইট এলাকায় নাফ নদীতে এ অভিযান চালানো হয়।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে ইয়ার বড় চালান অনুপ্রবেশের গোপ সংবাদে বিজিবি সদস্যরা উৎপেতে অবস্থান নেন। শনিবার ভোরে নাফ নদীর কিনারে আসা একটি নৌকাকে সন্দেহজনক মনে হলে থামার জন্য সংকেত দেয়া হয়। এ সময় দুই পাচারকারী নৌকা থেকে লাফ দিয়ে নাফ নদীর শূন্য রেখা অতিক্রম করে। পরে নৌকাটি তল্লাশি চালিয়ে একটি প্যাকেট থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
উদ্ধার করা ইয়াবা বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আবুজার।

