গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ইসলামপুরে ওশান সোয়েটার নামে একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতি করে পালানোর সময় গোয়েন্দা পুলিশের গুলিতে চার সন্দেহভাজন ডাকাত আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এ ডাকাতি ও গুলিবিদ্ধের ঘটনা ঘটে।
আহতাবস্থায় আটককৃতরা হলেন- সুলতান, সালাম, হামিদুল ও মামুন।তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন জানান, টাঙ্গাইলের বাসিন্দা ও একাধিক ডাকাতির মামলার আসামি মিজান ওশান সোয়েটার কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে যোগদান করে। বৃহস্পিতিবার রাত সাড়ে ১০টার দিকে মিজান পিঠার সাথে নেশা জাতীয় দ্রব্য তার অপর সহকর্মীদের খাইয়ে অচেতন করে ফেলেন। তাদের অচেতনাবস্থায় রাত সাড়ে ৩টার দিকে মিজানের যোগসাজশে ২০-২৫ জনের ডাকাত দল ওই কারখানায় হানা দেয়। ডাকাতরা একটি ট্রাকে কারখানার বিপুল পরিমাণ সুতা লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় অভিযানে থাকা ডিবি পুলিশের একটি দল ট্রাকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সেটিকে থামার সংকেত দেয়। ডাকাতরা সিগনাল অমান্য করে দ্রুত গতিতে চলতে থাকলে গোয়েন্দা পুলিশ তাদের ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাতদের লক্ষ্য করে গুলি ছুড়লে চার সন্দেহভাজন ডাকাত গুলিবিদ্ধ হন।
আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোপূর্বে ডাকাতির মামলায় তাদের কয়েকবার আটক করা হয়েছিল। সুতা ভর্তি ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

