বগুড়া প্রতিনিধি : নিখোঁজ প্রাণিচিকিৎসক কামরুজ্জামান নান্নুর (২৬) লাশ বিদ্যালয়ের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শিবগঞ্জ থানার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত প্রাণিচিকিৎসক নান্নু কাহালু উপজেলার ছোট ভাদাহার গ্রামের কমর উদ্দিন মজনুর ছেলে। তিনি গ্রামে প্রাণিচিকিৎসক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে নান্নু বাড়ি থেকে নিখোঁজ হন। শুক্রবার বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী ছাতুয়া গ্রামের লোকজন প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের সেপটিক ট্যাংকে মানুষের পা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর দুইটার দিকে লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের পর নিহতের স্বজনরা নান্নুর বলে সনাক্ত করে। পুলিশ ধারণা করছে তাকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করার উদ্দেশে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, লাশ উদ্ধার করা হয়েছে, তবে হত্যাকাণ্ডের কোনো রহস্য এখনও জানা যায় নি।

