মানিকগঞ্জ প্রতিনিধি : আর্থিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মানিকগঞ্জের সিংগাইরের গোবিন্ধল গ্রামে ভাগ্নেদের হাতে দুই মামা খুন হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচ জন। পূর্ব পরিকল্পিতভাবে রোববার সকালে জাহিদুল ইসলাম (৪৫), রশিদ হোসেন (৩৮) ও জসিম উদ্দিনের (৩০) নেতৃত্বে ৮-১০ জন তার মামাদের হামলা চালায়।
নিহতরা হলেন- গোবিন্ধল গ্রামের মৃত রহিম মোল্লার ছেলে আজিজ মোল্লা (৫৫) ও দিরাজ মোল্লার ছেলে টেনডল মোল্লা (৫০)। তারা সম্পর্কে চাচাতো ভাই। এ সময় ভাগ্নে ও তাদের লোকজনের হামলায় টেনডলের স্ত্রী কমেলা বেগম (৪০), ভাই করিম মোল্লা (৪০), ছেলে আল-আমিন (১৩), শ্যালক রমজান হোসেন (২৮) ও আলমগীর হোসেন (৩০) আহত হন।
নিহতদের চাচাতো ভাই বেলায়েত হোসেন জানান, বাহরাইনে টেনডলের বোন হাসিনা ও আরেক বোনের ছেলে রশিদ একই সঙ্গে থাকতেন। পাঁচ মাস আগে বাহরাইনে হাসিনা মারা গেলে সেখানে দাফন করা হয়। হাসিনা নিঃসন্তান থাকায় তার প্রায় ২৮ লাখ টাকা ও নিজ গ্রামে কেনা ৩৬ শতাংশ জমি রশিদ, জাহিদুল ও জসিমরা হাতিয়ে নেন। ওই সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে টেনডলের সঙ্গে তার ভাগ্নেদের বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে ভাগ্নেদের বিরুদ্ধে থানায় অভিযোগও করেন টেনডল। পরে থানা পুলিশের মধ্যস্থতায় টেনডলকে সাড়ে তিন লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু টেনডল তা মেনে নেননি।
তিনি আরও জানান, এর জের ধরে মামাদের সঙ্গে ভাগ্নেদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। গত শুক্রবার সন্ধ্যায় টেনডলকে তার ভাগ্নেরা হাতুড়ি দিয়ে পেটায়। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার সকালে আজিজ, টেনডল ও করিম তার ভাগ্নেদের বাড়িতে যান। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে জাহিদুল, জসিম, রশিদ ও তাদের বাবা শামসুল ইসলাম, মা রাজিয়াসহ ৮-১০ জন মামাদে ঘরে আটকে রেখে লাঠি, বল্লম ও ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই আজিজ ও টেনডল মারা যান। খবর পেয়ে টেনডলের স্ত্রী, ছেলে ও শ্যালকরা ওই বাড়িতে গেলে তাদেরও মারধর করা হয়। পরে গুরুতর অবস্থায় করিমকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের ঘোনাপাড়াস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। তবে করিমের অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনদের জানিয়েছেন চিকিৎসকরা।
এ ব্যাপারে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে গেছে। তবে ঘটনাস্থল থেকে লাঠি, বল্লম ও দা জব্দ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘাটনায় থানায় হত্যা মামলা করা হবে বলেও জানান তিনি।

