ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার বেইন্না বাজারে স্থানীয় বেপারীপাড়া ও মালিগাঁও গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেপারীপাড়া ও মালিগাঁও এলাকার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার রাতে বেপারীপাড়া গ্রামের আবু বক্কর রকেট ও মালিগাঁওয়ের নান্নু মিয়ার মধ্যে একটি গামছা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে দুইপক্ষের কয়েকশ’ লোক দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বাজারের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

