রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীরতে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর বাড়ি ঘেরাও করার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় বুলনপুর পিয়নপাড়া এলাকার আব্দুস সাত্তারে ছেলে আব্দুল হালিমের বাড়ি ঘেরাও করে প্রথম স্ত্রীর স্বজনরা। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় রাজপাড়া থানা পুলিশ উভয় পরিবারকে থানায় ডেকে নিয়ে মীমাংসা করা চেষ্টা করে।
আব্দুল হালিমের প্রথম স্ত্রী নায়েমা মুসতারি অভিযোগ করেন, ২০১০ সালের ১২ মার্চ পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের ঘরে এক বছর তিন মাসের সন্তান আছে। কিন্তু তার স্বামী প্রায় সময় তাকে শারীরিকভাবে নির্যাতন চালায়। গত ২ আগস্ট ২০১৫ সালে তার স্বামীর নির্যাতনে আহত হয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি হতে হয়। এ ঘটনায় আদালতে একটি মামলাও করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
তিনি আরো জানান, তার অনুমতি না নিয়ে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন বলে জানতে পেরেছেন। এর প্রতিবাদ জানালে তার স্বামী বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তার স্বামী কোর্টে চাকরি করে বলে তার কিছু হবে না এরকম হুমকিও দিচ্ছে। ভুক্তভোগী নায়েমা প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি জানান।

