প্রযুক্তি ডেস্ক : দ্বিতীয়বারের মতো দেশে আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’। বিশ্বের প্রায় দেড়শ’ নগরীর মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বড় পরিসরে আয়োজিত এই প্রতিযোগিতা ২২ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতায় যেকেউ অংশ নিতে পারবে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এই আয়োজন প্রত্যক্ষভাবে দেখতে ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস প্রতিযোগিতার কর্মকর্তারা বাংলাদেশে আসবেন।
গতবারের মতো বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
এই প্রতিযোগিতা দেশব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বেসিস স্টুডেন্টস ফোরাম ৬৪ টি জেলার ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার আয়োজন করবে।
এবারের ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে ২২ ফেব্রুয়ারি বেসিস অডিটোরিয়ামে এক ‘মিট দ্য প্রেস’ এর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বেসিস সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান। এছাড়া বেসিসের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, প্রতিযোগিতার সহযোগি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

