কক্সবাজার প্রতিনিধি : উখিয়ায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক প্রলয় সিকদার (২৮) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার ধুরুংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রলয় সিকদার মাগুরার শালিখা উপজেলার গৌরাঙ্গ সিকদারের ছেলে। তিনি ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস করেছেন।
নিহতের বন্ধুদের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বাস ভাড়া করে বৃহস্পতিবার রাতে টেকনাফের উদ্দেশ্যে রওনা হন। পথে তারা উখিয়ার ধুরুংখালী এলাকায় পৌঁছলে প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রলয় সিকদার বাস থেকে নামেন। পরে বাসে ওঠার জন্য রাস্তা পার হওয়ার সময় টেকনাফমুখি একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি হাবিবুর রহমান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেন্টমার্টিন বেড়াতে যাওয়ার কথা ছিল। প্রলয়ের সঙ্গে বেড়াতে আসা বন্ধুরা তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। লাশটি বর্তমানে উখিয়া থানায় রয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া সৎকারের জন্য লাশ নিয়ে যেতে তারা আবেদন করেছেন।

