ঝিনাইদহ প্রতিনিধি : জেলার মহেশপুর থেকে অপহরণের ৮ দিন পর আরিফুল ইসলাম (২৪) নামে এক কলেজ ছাত্রকে শৈলকুপা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের সাথে গুলিবিনিময়ে অপহরণকারী আশরাফুল ইসলাম বিশ্বাস (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার ভোররাতে শৈলকুপা উপজেলার হরিহরা ইটভাটা এলাকায় এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। অপহরণকারী আশরাফুল একই উপজেলার নলখোলা গ্রামের আকিবুদ্দীনের ছেলে।
অপহৃত আরিফুল ইসলাম মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, গত ১০ ফেব্রুয়ারি আরিফুল ইসলামকে অপহরণ করা হয়। তারপর থেকে আরিফুল ইসলামের পরিবারের কাছে অপহরণকারীরা আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরপর অপহৃত পরিবার শৈলকুপা থানায় বিষয়টি জানায়। পরে পুলিশ মোবাইল ট্রাকিং-এর মাধ্যমে অপহরণকারীদের অবস্থান জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে আটক করে। এ সময় পুলিশ আটককৃত আশরাফুলকে থানায় নিয়ে আসার সময় হরিহরা ইটভাটা এলাকায় এসে পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা অপহরণকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গুলি বিনিময়ের সময় আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

