নিজস্ব প্রতিবেদক : উত্তরা থেকে অপহৃত শিশু মোবারককে (৬) উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত আব্দুল জব্বার ওরফে ঠান্ডু ওরফে বাবলু ও তার স্ত্রী নাজমা আক্তারকে আটক করা হয়েছে। দেখতে সুন্দর বলেই তাকে অপহরণ করা হয়েছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা।
সোমবার দুপুরে ডিএমপির যুগ্ম (গোয়েন্দা) কমিশনার মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মনিরুল ইসলাম জানান, গেল বছর ২৯ ডিসেম্বর মোবারককে অপহরণ করে আব্দুল জব্বার ওরফে ঠান্ডু ওরফে বাবলু ও তার স্ত্রী নাজমা আক্তার। প্রথমে তার সুন্দর চেহারা দেখে কোনো ধনাঢ্য পরিবারের সন্তান মনে করেই তাকে অপহরণ করা হয়েছিল। পরে অপহারণকারীরা জানতে পারেন যে শিশুটির বাবা ফারুক হোসেন একজন ফল ব্যবসায়ী। তারপরও তারা ফারুক হোসেনের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
দীর্ঘ চালাচালি করে ফারুক হোসেন অপহরণকারীদের ১৭ হাজার ৭৭০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠান। তারপরও সন্তান না পেয়ে পুলিশে অভিযোগ করেন তিনি। এরপর উন্নত প্রযুক্তি ব্যবহার করে শিশুটিকে গাজীপুরের মাওনায় নাজমার বাসা থেকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয় নাজমাকে। একই সময়ে গাইবান্ধা থেকে আটক করা হয় জব্বারকে।
মনিরুল ইসলাম আরো জানান, আব্দুল জব্বার মোট ৪টা বিয়ে করেছেন। নাজমা ছাড়াও মেহেরপুর, সিরাজগঞ্জ ও গাইবান্ধায় তার তিনজন স্ত্রী রয়েছে।
বাবা-মাকে কান্নার শব্দ শোনানোর জন্য অপহৃত শিশুটিকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়েছে বলে জানান তিনি।

