বগুড়া প্রতিনিধি : গ্রামীণ ফাস্ট ডিস্ট্রিবিউশন কোম্পানির (গ্রামীণফোনের অঙ্গ প্রতিষ্ঠান) অ্যারিয়া ম্যানেজার মানিক হোসেনের (৪০) লাশ উদ্ধার করেছে শাজাহানপুর থানা পুলিশ। রোববার সকাল ১০টার দিকে উপজেলার দুবলাগাড়ি বাজারের অদূরে করতোয়া নদীর পাড় থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মানিক হোসেন দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার বেলঘড়িয়া মহল্লার মন্টু প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, নিহত মানিক হোসেন মোটরসাইকেলযোগে বিভিন্ন এলাকায় গ্রামীণফোনের ফ্লেক্সিলোড, মোবাইল ফোনের কার্ড সরবরাহ করে থাকেন। শনিবার দুপুরের দিকে তিনি দুবলাগাড়ি বাজারে মোটরসাইকেল রেখে বিভিন্ন দোকানে কাজ শুরু করেন। দুপুর আড়াইটার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পরে ব্যবসায়ীরা থানায় খবর দিলে পুলিশ তার মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রোববার সকালে স্থানীয় লোকজন ওই এলাকার নদীর পাড়ে পেছনে হাত বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে শাজাহানপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। লাশ উদ্ধারের সময় পুলিশ তার প্যান্টের পকেট থেকে নগদ ৫ হাজার টাকা এবং পরিচয়পত্র উদ্ধার করে। তবে নিহত মানিক হোসেনের কাছে থাকা কোম্পানির ব্যাগটি পাওয়া যায়নি। ওই ব্যাগে মোবাইল কার্ড এবং নগদ টাকা মিলে ১৫ লাখ টাকার মালামাল ছিল বলে পুলিশ জানতে পেরেছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মানিক হোসেনকে হাত পেছনে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে ব্যাগে থাকা টাকা ও মালামাল ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে অপহরণ করে হত্যা করেছে।

