দিনাজপুর প্রতিনিধি : জেলার হাকিমপুর হিলি সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ২০টি জিহাদি বই, বোমা বানানোর কৌশলের ওপর উর্দু ভাষার দুটি বইসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
রোববার সকাল ৯টায় গণমাধ্যমকে বিজিবির পক্ষ হতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শনিবার বিকেল থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
আটকরা হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার ফকিরপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে বাবুল হোসেন (৪৩), মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে ও হোটেল মালিক লোকমান হোসেন বেলাল (৫৫), বৈগ্রাম এলাকার আব্দুর রহমানের ছেলে ও হোটেল ম্যানেজার শাহাবুল ইসলাম (২৩), সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার ইসলামপাড়া এলাকার শহীদ আলীর ছেলে মো. জাহিদ (৩২)।
বিজিবি-৩ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল খবীর সরকার জানান, ভারত হতে অস্ত্রসহ বাংলাদেশ প্রবেশের সময় গোপন সংবাদের ভিত্তিতে হিলি স্থলবন্দরের চারমাথা মোড় এলাকা থেকে বডি ফিটিং অবস্থায় বাবুল মিয়াকে জাপানের তৈরি একটি নাইন এমএম পিস্তলসহ আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সূত্র ধরে বিজিবির একটি বিশেষ দল উপজেলা সদরের নর্দান প্যালেস নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালায়। অভিযানে হোটেলের রুমের টয়লেট ও তোশকের নিচ থেকে জাপান ও বুলগেরিয়ার তৈরি দুটি নাইন এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ১ লাখ ভারতীয় রুপি, ২০টি জিহাদি বই, দুটি বোমা বানানোর উর্দু ভাষার বই, বিভিন্ন প্রকার সিডি, চাঁদা আদায়ের নানা রকমের হিসাব খাতা জব্দ করা হয়। এ সময় হোটেলের মালিক, ম্যানেজারসহ তিনজনকে আটক করা হয়।
তারা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

